
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): তোলাবাজি, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লালটু খানকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
শনিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে লালটু খানকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। আদালতে তাঁকে হাজির করার সময় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, প্রাক্তন প্রধানের গ্রেফতারিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA