
আরামবাগ , ১১ জুলাই (হি.স.):হুগলির গোঘাট-২ ব্লকের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। স্বাস্থ্য পরিষেবার বাইরে একাধিক অ-স্বাস্থ্য সংক্রান্ত কাজ করানোর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে প্রতিবাদে শামিল হন তাঁরা।
বিক্ষোভকারী আশা কর্মীদের অভিযোগ, তাঁদের মূল দায়িত্ব স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিভিন্ন প্রশাসনিক ও তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কাজও তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে ই-কেওয়াইসি (e-KYC) এবং ডাটা এন্ট্রির মতো কম্পিউটার-নির্ভর কাজ করতে বাধ্য করা হচ্ছে, যা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁদের বক্তব্য, তাঁরা কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষিত নন। ফলে এই ধরনের কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এছাড়াও, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন আশা কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার বাইরে অন্য কোনও দায়িত্ব তাঁরা পালন করবেন না। অতিরিক্ত পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হলেও অ-স্বাস্থ্য সংক্রান্ত কাজ করবেন না বলেই জানিয়ে দেন তাঁরা।
বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আশা কর্মীরা দ্রুত তাঁদের দাবিদাওয়া বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA