
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): খানাকুল বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শনিবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
এই বৈঠকে খানাকুল বিধানসভার অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি, জনসাধারণের সমস্যা দ্রুত সমাধান, সরকারি পরিষেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মানুষের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। এলাকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবার সুফল পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বিভিন্ন প্রকল্পের কাজ আরও গতিশীল করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA