
শিলিগুড়ি, ১২ জুলাই (হি.স.): মন্ত্রিত্ব লাভের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বন্ধ চা বাগান এবং শ্রমিকদের সঙ্গে যুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি উত্তরকন্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। এই বৈঠকে যোগ দিতে রবিবার তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন| তাঁর সঙ্গে ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রীও। জানা গেছে, এই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সাংসদ ও বিধায়করাও অংশ নেবেন।
অর্জুন সিং বলেন, পূর্ববর্তী সরকারের শিল্পনীতির কারণে রাজ্যের শিল্প গুরুতর সংকটের মধ্যে। উন্নয়নের দৌড়ে কয়েক দশক পিছিয়ে গেছে এই রাজ্য। তাঁর দাবি, নতুন শিল্প নীতির উদ্দেশ্য, রাজ্যের যুবকদের রাজ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা, যাতে তাঁদের বাইরে যেতে না হয়| এছাড়াও, স্থানীয় স্তরে সুযোগ বৃদ্ধি করা। পাশাপাশি, বন্ধ চা বাগানের পরিস্থিতি এবং শ্রমিকদের অন্যান্য সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। রাজ্যে সিন্ডিকেট রাজ-এরও অবসান ঘটানো হবে বলে জানান মন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ