পুণের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভবনে ধস, মৃতের সংখ্যা বেড়ে ৯
পুণে, ১২ জুলাই (হি.স.) : মহারাষ্ট্রের পুণের মোশি ওয়েস্ট-টু-এনার্জি (ডব্লিউটিই) প্রকল্পে প্রশাসনিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। রবিবার ধ্বংসস্তূপ থেকে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়
পুণের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভবনে ধস, মৃতের সংখ্যা বেড়ে ৯


পুণে, ১২ জুলাই (হি.স.) : মহারাষ্ট্রের পুণের মোশি ওয়েস্ট-টু-এনার্জি (ডব্লিউটিই) প্রকল্পে প্রশাসনিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। রবিবার ধ্বংসস্তূপ থেকে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ওয়ামন কাসবে। রবিবার ভোরে তাঁর দেহ উদ্ধার করা হয়।

পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভার পরিচালিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের তিনতলা প্রশাসনিক ভবনটি প্রবল বৃষ্টির জেরে পাশের বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ায় ভেঙে যায়। প্রশাসনের প্রাথমিক অনুমান, ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আবর্জনার স্তূপ ভবনের উপর আছড়ে পড়ে এবং তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিন উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার পর মোট ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে অ্যান্টনি ওয়েস্ট গ্রুপের গ্রুপ প্রেসিডেন্ট মহেন্দ্র অনন্থুলা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েক দিনের অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

সংস্থার পক্ষ থেকে আহতদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহনের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, নিহত প্রত্যেক কর্মীর পরিবারের জন্য সংস্থার অবদান এবং বিমার অর্থ মিলিয়ে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

এছাড়া নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে চাকরি দেওয়া হবে এবং তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ খরচও সংস্থা বহন করবে বলে জানানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande