
কলকাতা, ১২ জুলাই (হি. স.) : জয় হল প্রথম খেলায়। লাল হলুদ শিবিরে খুশির হাওয়া। ইস্টবেঙ্গল এরিয়ান মাঠে রবিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের নতুন মরসুম। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ, পূর্ত মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত এবং ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এছাড়াও প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, দীপঙ্কর রায় ও মেহতাব হোসেন এর উপস্থিতিতেই মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। সেইসঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. সৌম্য গুহ মল্লিকও। রবিবার মেঘলা আকাশ, উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে, বিট ব্রেকার, স্প্লিল ফ্রিক এবং পেশাদার নৃত্যশিল্পীদের পরিবেশনা দর্শকদের মন জয় করে নিয়েছে। এ দিন একটি স্মারক স্ট্যাম্পও প্রকাশ করা হয়েছে।
কিংবদন্তী ফুটবলার প্রয়াত সাহু মেওয়ালালের স্মৃতির উদ্দেশে এবারের লিগ উৎসর্গ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্র ও দৌহিত্র।
উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল এফসি ৩-০ গোলে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে হারিয়ে মরসুমের শুভসূচনা করে। লাল-হলুদের হয়ে জয় সূচক গোল করে - জেসিন টি কে, মহম্মদ বিলাল এবং জোসেফ জাস্টিন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত