

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : রাজ্য সরকার গুয়াহাটির আমিনগাঁও কমপ্লেক্সকে একটি সমন্বিত আধুনিক ক্রীড়া হাবে পরিণত করার উদ্যোগ নিয়েছে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এর লক্ষ্য রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করা, জানান মুখ্যমন্ত্ৰী।
আজ রবিবার আমিনগাঁও কমপ্লেক্সে নির্মীয়মাণ সমন্বিত আধুনিক ক্রীড়া প্ৰকল্প পরিদর্শন করে কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি জানান, এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে একটি ইনডোর স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের জন্য হস্টেল এবং আরও বিভিন্ন অত্যাধুনিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে।
তিনি বলেন, ক্রীড়া পরিকাঠামোর এই সমন্বিত উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য শুধু উদীয়মান ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা নয়, ভবিষ্যতে অসমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিবেশও তৈরি করা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্প রাজ্য সরকারের একটি শক্তিশালী ক্রীড়া পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে তৃণমূল স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের পাশাপাশি অসমকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস