
কলকাতা, ১২ জুলাই, (হি. স.) : বন্ধ চা - বাগানগুলির বর্তমান পরিস্থিতি এবং সেগুলি পুনরায় চালুর উপায় নিয়ে রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় বাগান কর্তৃপক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরা। ছিলেন শ্রম দপ্তরের সচিব, দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের প্রতিনিধিরাও।
বন্ধ চা-বাগানগুলিকে ঘিরে তৈরি হওয়া নানা সমস্যার সমাধান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় চা-শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখা, সংশ্লিষ্ট সব পক্ষের গঠনমূলক আলোচনার মাধ্যমে বন্ধ বাগানগুলি পুনরায় চালু করা এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়টিতে।
এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার জানিয়েছে, উত্তরবঙ্গের চা-শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং চা-শিল্পের বর্তমান সঙ্কটের দ্রুত ও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত