
পাথারকান্দি (অসম), ১২ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে ৮ নম্বর জাতীয় সড়কের একাধিক স্থানে পুকুরসম গর্ত বোজানোয় হাত দিয়েছে সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে সৃষ্ট গর্তগুলোর সংস্কার না করানোয় ভয়াবহ রূপ ধারণ করেছে। ঘন ঘন দুর্ঘটনা সহ সড়ক পথে জনগণের চলাচল দায় হয়ে ওঠে। বিশেষ করে চলমান বর্ষাকালে গর্তগুলো জলে পরিপূর্ণ হয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলেছে। এই পরিস্থিতিতে নাজেহাল হয়ে বেহাল এই সড়কটির হাল ফেরাতে সরব হন এলাকার ভুক্তভোগীরা।
গতকাল শনিবার ছাত্রনেতা তথা জিপিএফ-এর সভাপতি বদরুল হক জানিয়েছিলেন, বেহাল সড়কের রুগ্ন দশা নিয়ে ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সড়ক মেরামত করা না হলে এলাকার জনগণ বৃহত্তর গণ-আন্দোলনে নামতে বাধ্য হবেন, জানিয়েছিলেন বদরুল হক।
গণ-আন্দোলনের ডাক দেওয়া হবে, খবর পেয়ে বিভাগীয় কর্তৃপক্ষ শনিবার রাতেই সংযুক্তা সুইটসের সম্মুখ সহ আশপাশে ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাটের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছিলেন। সে অনুযায়ী গতকাল রাত থেকে সড়কে মাটি ও পাথর-বোল্ডার ফেলে গর্ত বোজানোর কাজ শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস