
দুর্গাপুর, ১২ জুলাই (হি. স.): হালাল না ঝটকা— মাংস কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে, তা দোকানের সামনে স্পষ্টভাবে উল্লেখ করার দাবিতে রবিবার দুর্গাপুরের বিভিন্ন মাংসের দোকানে প্রচার চালাল হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের সদস্যরা বেনাচিতি বাজার-সহ বিভিন্ন এলাকায় গিয়ে দোকানদারদের কাছে এই বিষয়ে আবেদন জানান। ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের পাশাপাশি এবার মাংস বিক্রির ক্ষেত্রেও স্বচ্ছতার দাবিতে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের বক্তব্য, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তাঁরা কোন ধরনের মাংস কিনছেন। সেই কারণে প্রতিটি মাংসের দোকানের সামনে স্পষ্টভাবে উল্লেখ করা হোক, সেখানে হালাল না ঝটকা পদ্ধতির মাংস বিক্রি করা হচ্ছে।
রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের কর্মী-সমর্থকদের দেখা যায় বিভিন্ন মাংসের দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলতে। তাঁরা করজোড়ে অনুরোধ করেন, দোকানের সামনে একটি বোর্ড টাঙিয়ে মাংসের ধরন উল্লেখ করা হোক, যাতে ক্রেতারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।
হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দীপ দাস বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য— ক্রেতারা যেন সহজেই জানতে পারেন কোন দোকানে কী ধরনের মাংস বিক্রি হচ্ছে। দোকানের সামনে বোর্ড থাকলে মানুষ নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবেন। সেই কারণেই আমরা দোকানদারদের কাছে এই আবেদন জানাচ্ছি।”
সংগঠনের এই উদ্যোগ ঘিরে রবিবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে মাংস বিক্রেতাদের সংগঠন বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা