
কলকাতা, ১২ জুলাই (হি.স.):কলকাতা পুরসভার সীমানা পুনর্বিন্যাসের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাবকে মান্যতা দিয়ে দ্রুত প্রয়োজনীয় কাজ শুরুর পথে হাঁটল কলকাতা পুরসভা। দুটি পৃথক কমিটির একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে। এছাড়া প্রতি বরোভিত্তিক একটি করে কমিটি গড়া হয়েছে।
১৪৪ থেকে বেড়ে ২০০ টি ওয়ার্ড হবে কলকাতা পুরসভায়।
বেশ কিছুকাল ধরেই পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের কথা চলছিল সংশ্লিষ্ট নানা মহলে। জোড়া কমিটি গঠন করা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত মাসে কলকাতা পুরসভার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন, ওয়ার্ড আরও বাড়ানো হোক, যাতে সকলে সমানভাবে পরিষেবা পেতে পারেন।
সূত্রের খবর, দুটি পৃথক কমিটির একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে। এছাড়া প্রতি বরোভিত্তিক একটি করে কমিটি গড়ে দিলেন পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। এর মধ্যে একটি সম্পূর্ণ শহরভিত্তিক কেন্দ্রীয় কমিটি । ১০ সদস্যর এই কমিটিতে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত