
গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : রাজস্থানের কোটা জংশন রেলস্টেশন থেকে উদ্ধার হয়েছে এক সপ্তাহের বেশি দিন ধরে নিখোঁজ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র জওয়ান অসম-সন্তান অমরেন্দ্র রায়ের মৃতদেহ।
আজ অসম পুলিশের সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। সূত্রের খবর, গতকাল শনিবার কোটা জংশন রেলস্টেশন থেকে উদ্ধার হয়েছে সিআরপিএফ-জওয়ান অমরেন্দ্র রায়ের মৃতদেহ। অমরেন্দ্র রায় বঙাইগাঁও জেলার অন্তর্গত মানিকপুরের বাসিন্দা ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিচয়পত্র উদ্ধার হওয়ায় তাঁর পরিচয় নিশ্চিত হওয়ান গেছে।
সূত্রের খবর, গত ২ জুলাই চিরাং জেলার বিজনি থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অমরেন্দ্র রায়। ৩ জুলাই তিনি উত্তরপ্রদেশের টুন্ডলা জংশনে নেমে আগ্রা ফোর্টের কাছে একটি হোটেলে রাত কাটান। পরের দিন ৪ জুলাই আগ্রা ইদগাহ রেলস্টেশন থেকে একটি ট্রেনে ওঠেন তিনি। কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস