
হাফলং (অসম), ১২ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার বহু প্রতীক্ষিত লাংকুলা-উমরাংসো রেলওয়ে সংযোগ প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
রেল যোগাযোগের উন্নয়নকে সৰ্বোচ্চ অগ্ৰাধিকার দিয়ে ১.০৮৪ কোটি টাকার লাংকুলা-উমরাংসো ব্ৰডগেজ রেলপথ প্ৰকল্পের বিস্তারিত প্ৰকল্প প্ৰতিবেদন (ডিপিআর) ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এতে উমরাংসো পৰ্যন্ত রেল সংযোগ সম্প্ৰসারণের পথ সুগম করবে।
এই প্রকল্পের অগ্রগতিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জানা গেছে, এই রেল সংযোগ চালু হলে উমরাংসো সহ পার্শ্ববর্তী এলাকার সঙ্গে রেল যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহণে সুবিধা বাড়বে। পাশাপাশি শিল্প, বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, মনে করছে সংশ্লিষ্ট মহল।
দীর্ঘদিন ধরে এই রেল সংযোগের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের অগ্রগতির ফলে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে আরও একধাপ এগোলো। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে ডিমা হাসাও জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব