
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : দিল্লির রোহিণীর জাপানি পার্কে রবিবার সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করে আম আদমি পার্টি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং দিল্লি প্রদেশের আহ্বায়ক সৌরভ ভরদ্বাজ।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রণামীর অর্থ আত্মসাতের ঘটনায় দেশ-বিদেশের রামভক্তরা গভীরভাবে মর্মাহত। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
কেজরিওয়াল বলেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার থেকেই একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তাঁর দাবি, সুন্দরকাণ্ড পাঠ শেষে উপস্থিত রামভক্তরা দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য