
কলকাতা, ১২ জুলাই (হি স)। দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগে লেকটাউন থানা এলাকার এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে রবিবার আদালতে হাজির করিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিন চারেক আগে গৃহশিক্ষক বাড়িতে পড়তে ডাকেন ছাত্রীকে। কিশোরীর অভিযোগ, পড়ানোর ‘অছিলায়’ তাঁর সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন গৃহশিক্ষক। পানীয়ের সঙ্গে মাদকজাতীয় কিছু মিশিয়ে তাঁকে দিয়েছিলেন। ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। সেই সময় গৃহশিক্ষক তাঁকে ধর্ষণ করেন।
জ্ঞান ফেরার পরে অসুস্থ বোধ করেন ছাত্রী। তিনি বাড়ি যেতে চান। তার পর একাই বাড়ি ফিরেছিলেন। পরে অভিভাবকদের কাছে গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনাক্রমে পরিবারের তরফে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার আদালতে হাজির করিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত