
বাঁকুড়া, ১২ জুলাই (হি.স.): ফের গ্রেফতার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের প্রাক্তন সভাপতি তথা ‘দাপুটে’ তৃণমূল নেতা রেজাউল খান। গত মাসেই এক বিজেপি কর্মীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পান। তার পরে আবার পুরোনো একটি মামলায় পুলিশের জালে ধরা পড়লেন রেজাউল। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রেজাউলের বাবা, গৌরবাজার অঞ্চলের সদ্য প্রাক্তন তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত প্রধান কুতুবুদ্দিন খান।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে পুলিশের হাতে পাকড়াও হয়েছিলেন বাঁকুড়ার ইন্দপুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রেজাউল খান। সেসময় ইন্দপুর ব্লকের এক বিজেপি কর্মী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ জানিয়েছিলেন, রেজাউল তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করেছেন তাঁকে। ভাঙচুর চালিয়েছেন বাড়িতে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকে খুনের হুমকি দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানার পুলিশ রেজাউলকে গ্রেফতার করেছিল। ফের পুরোনো একটি মামলায় পাকড়াও হলেন তিনি|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ