
বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স.): পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের উপর ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর গেটের কাছে ৪০ জন যাত্রী বোঝাই একটি টাটা এসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
গাড়িতে থাকা ৪০ জনের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। দুর্ঘটনায় প্রত্যেকেই কমবেশি জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে ১৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গঙ্গাজলঘাটি থানারই রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে ওই টাটা এসি গাড়িতে করে বেশ কয়েকজন শিশু ও মহিলাসহ মোট ৪০ জন যাত্রী স্থানীয় দুর্লভপুর এলাকায় একটি পারলৌকিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই টাটা এসির পরিবহন ক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী সেখানে গাদাগাদি করে উঠেছিলেন। সম্ভবত এই অতিরিক্ত যাত্রী বোঝাই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায়। এর ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট