
ঝাড়গ্রাম, ১৩ জুলাই (হি.স.) : ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি এলাকায় সিআইএফ ক্যাম্প থেকে অসাবধানতাবশত গুলি চলার ঘটনায় গুরুতর জখম হলেন দুই বালি খাদান কর্মী। রবিবার রাত প্রায় ১০টা নাগাদ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত দু'জনকে দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও পরিকল্পিত হামলা নয়, অসাবধানতাবশতই গুলি চলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। দু'জনেই বীরভূম জেলার বাসিন্দা এবং লালগড় এলাকার 'কে কে মিনারেলস' নামে একটি বালি খাদানে কর্মরত। ওই খাদানের মালিক উত্তম কেশি, যিনি পানাগড়ের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও কাজ শেষ করে মোটরবাইকে করে ফিরছিলেন শুভদীপ ও অমিত। দহিজুড়ি এলাকার সিআইএফ ক্যাম্পের সামনে পৌঁছালে কর্তব্যরত তিন পুলিশকর্মী তাঁদের থামিয়ে পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাঁদের চলে যেতে বলা হয়। অভিযোগ, কিছুটা এগিয়ে যেতেই আচমকাই ক্যাম্পের দিক থেকে গুলি ছিটকে আসে এবং তা গিয়ে লাগে ওই দুই কর্মীর শরীরে।
গুলিতে শুভদীপ ঘোষের ডান দিকের পিঠ ও বাঁ পায়ে আঘাত লাগে। অন্যদিকে অমিত মণ্ডলের বাঁ পায়ে গুলি লাগে। গুরুতর জখম হওয়ায় তাঁর পায়ের হাড়ও ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দু'জনকেই দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার পর জেলা পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটি কোনও পরিকল্পিত গুলিচালনা নয়। দহিজুড়ির সিআইএফ ক্যাম্প থেকে অসাবধানতাবশত গুলি চলেছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং কার গাফিলতিতে এমন পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো