
কলকাতা, ১৩ জুলাই (হি. স.):-কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকায় এক তরুণীকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টিঙ্কু, কৌশিক ও বাবাই। ঘটনার তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার খোয়া যাওয়া মোবাইল ফোনও উদ্ধার করেছে।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি এক তরুণী ১২ জুলাই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪(১), ৭৪, ৭৬, ৩১৬(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।অভিযোগে বলা হয়েছে, ১২ জুলাই রাত প্রায় ২টা থেকে আড়াইটার মধ্যে বাঁচারপাড়া এলাকায় প্রধান অভিযুক্ত টিঙ্কু তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালায়। এছাড়া কৌশিক নামে অপর এক অভিযুক্ত তাঁর বস্ত্রহরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তিন অভিযুক্ত মিলে তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তদন্তে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতা ও প্রধান অভিযুক্ত পূর্বপরিচিত ছিলেন এবং ঘটনার আগের রাতে তরুণী টিঙ্কুর বাড়িতে গিয়েছিলেন। বাকি দুই অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা আদালতের বিচারাধীন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়