প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্বস্তি, সবং থানা এলাকা ছাড়ার ওপর নিষেধাজ্ঞা
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে সোমবার শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের সাতবারের বিধায়ক মানস ভুঁইয়া। আদালত আপাতত তাঁর গ্রেফতারের ওপর স্থগিতাদেশ দিল
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে সোমবার শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের সাতবারের বিধায়ক মানস ভুঁইয়া। আদালত আপাতত তাঁর গ্রেফতারের ওপর স্থগিতাদেশ দিলেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা এবং একাধিক শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে।

মামলার শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মানস ভুঁইয়ার অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন মঞ্জুর করে জানান, তিনি আপাতত সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না। এর পাশাপাশি তাঁকে নিজের পাসপোর্ট স্থানীয় থানায় জমা রাখতে হবে এবং তদন্তকারী সংস্থাকে সব স্তরে সহযোগিতা করতে হবে। এই শর্তগুলি পালন করলেই তিনি গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন ছাড় পাবেন।

এই মামলাটি মূলত চাকরি বিক্রির অভিযোগ সংক্রান্ত। সবং থানায় এক স্থানীয় যুবক অভিযোগ দায়ের করেছিলেন যে, পাঁচ লাখ টাকার বিনিময়ে মানস ভুঁইয়ার মধ্যস্থতায় তাঁর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হয়েছিল। অভিযোগকারীর দাবি, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু'মাস পর তাঁর স্ত্রীর চাকরিটি চলে যায়।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে মানস ভুঁইয়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশ্য প্রাক্তন মন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার তদন্ত প্রক্রিয়ায় তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande