১৫ বছরের দুর্ভোগে অতিষ্ঠ গ্রামবাসী, স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে নামলেন জঙ্গলমহলের বাসিন্দারা
বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স.):-দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়লেন বাঁকুড়ার জঙ্গলমহলের খেড়িয়াশায় গ্রামের বাসিন্দারা। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সংস্কারে কোদাল
রাস্তা সংস্কার


বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স.):-দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়লেন বাঁকুড়ার জঙ্গলমহলের খেড়িয়াশায় গ্রামের বাসিন্দারা। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সংস্কারে কোদাল, ঝুড়ি ও বোল্ডার নিয়ে নিজেরাই উদ্যোগ নেন গ্রামের মানুষ।রানিবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেড়িয়াশায় গ্রামে প্রায় ৭০টি পরিবারের বসবাস। রাজাকাটা শিবমন্দির থেকে গ্রামে ঢোকার প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এই পথ দিয়েই প্রতিদিন স্কুলপড়ুয়াদের রানিবাঁধ উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। এছাড়া অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স বা অন্য যানবাহন গ্রামে ঢুকতে চায় না বলে অভিযোগ স্থানীয়দের।গ্রামবাসীদের দাবি, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত লাগিয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সোমবার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চিত্তরঞ্জন মাহাতো জানান, রাস্তা পাকা করার প্রকল্প নেওয়া হলেও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে কাজ থমকে যায়। অন্যদিকে, রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande