ষষ্ঠ তফশিলভুক্ত এলাকায় এইচডব্লিউডিসি ও কেডব্লিউডিসি–র কার্যপরিধি সীমিত রাখার দাবি
হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : নবগঠিত ‘মার ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ (এইচডব্লিউডিসি) এবং ‘কুকি ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ (কেডব্লিউডিসি)-এর কার্যপরিধি ষষ্ঠ তফশিলভুক্ত স্বশাসিত পরিষদ এলাকার বাইরে সীমাবদ্ধ রাখার দাবি
ষষ্ঠ তফশিলভুক্ত এলাকায় এইচডব্লিউডিসি ও কেডব্লিউডিসি–র কার্যপরিধি সীমিত রাখার দাবি


হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : নবগঠিত ‘মার ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ (এইচডব্লিউডিসি) এবং ‘কুকি ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ (কেডব্লিউডিসি)-এর কার্যপরিধি ষষ্ঠ তফশিলভুক্ত স্বশাসিত পরিষদ এলাকার বাইরে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি প্রেরণ করেছেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার।

এক প্রেস বিবৃতিতে সমরজিৎ হাফলংবার উল্লেখ করেন, ষষ্ঠ তফশিলভুক্ত এলাকার বাইরে বসবাসকারী মার, কুকি ও কার্বি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানানো হলেও উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সহ অন্যান্য স্বশাসিত পরিষদের সাংবিধানিক ক্ষমতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী স্বশাসিত পরিষদগুলিই নিজ নিজ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী। তাই এ সব এলাকায় পৃথক উন্নয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হলে প্রশাসনিক দ্বৈততা সৃষ্টি এবং পরিষদগুলির সাংবিধানিক ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আরও বলা হয়, কার্বি ওয়েল ফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্যপরিধি ইতিমধ্যেই ষষ্ঠ তফশিলভুক্ত এলাকার বাইরের অঞ্চলে সীমাবদ্ধ রাখা হয়েছে। একই নীতি মার ও কুকি ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের ক্ষেত্রেও প্রয়োগের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি ডিমা হাসাও জেলায় মার ও কুকি সম্প্রদায়ের উন্নয়নমূলক প্রকল্প উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মাধ্যমেই বাস্তবায়নের পক্ষে মত প্রকাশ করেন সমরজিৎ হাফলংবার।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande