বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, অসমের ২২ জেলায় হলুদ সতর্কতা, ধুবড়ি ও দক্ষিণ শালমারায় কমলা সতর্কতা জারি আইএমডির
- কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, নগাঁও এবং হোজাই জেলায় জারি হলুদ সতর্কতা গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : আগামী কয়েক ঘণ্টায় অসমের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা অবল
বজ্রবিদ্যুৎ_প্রতিনিধিত্বমূলক চিত্র


- কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, নগাঁও এবং হোজাই জেলায় জারি হলুদ সতর্কতা

গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : আগামী কয়েক ঘণ্টায় অসমের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি)। পশাপাশি রাজ্যের অধিকাংশ অঞ্চলের জন্য আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেছে আরএমসি।

আবহাওয়া কেন্দ্রের জারিকৃত বুলেটিন অনুযায়ী, রাজ্যের ২২টি জেলায় হলুদ সতর্কতা (ইয়েলো অ্যালার্ট) জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

হলুদ সতর্কতা যে কয়টি জেলায় জারি করা হয়েছে সেগুলি উজান অসমের তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, শিবসাগর, যোরহাট এবং গোলাঘাট। এছাড়া কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, নগাঁও এবং হোজাই জেলায়ও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

তাছাড়া, মধ্য ও নিম্ন অসমের মরিগাঁও, কামরূপ মহানগর, কামরূপ (গ্রামীণ), বরপেটা, গোয়ালপাড়া, বঙাইগাঁও, চিরাং এবং কোকরাঝাড় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, ধুবড়ি ও দক্ষিণ শালমারা জেলায় কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, হলুদ সতর্কতার এলাকাগুলিতে বজ্রঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কমলা সতর্কতার অন্তর্গত জেলাগুলিতে আরও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট জেলাবাসীকে প্রতিকূল আবহাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। পাশাপাশি পরিস্থিতির ওপর স্থানীয় প্রশাসনকে নিবিড় নজর রাখারও আহ্বান জানানো হয়েছে আরএমসি-র বুলেটিনে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande