
হুগলি, ১৩ জুলাই (হি.স): হঠাৎ করেই সোমবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। পরিদর্শনের সময় তিনি রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ক্যান্টিনের সার্বিক পরিষেবা খতিয়ে দেখেন।
মন্ত্রী ক্যান্টিনের রান্নাঘর, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা এবং রোগীদের জন্য পরিবেশিত খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনের শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ক্যান্টিনের পরিষেবা আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। তিনি প্রয়োজনীয় নির্দেশও দেন, যাতে রোগীরা আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিষেবা পান। ভাস্কর ভট্টাচার্য জানান, সাধারণ মানুষের স্বার্থে হাসপাতালের পরিষেবার ওপর নিয়মিত নজরদারি চালানো হবে এবং যেখানে প্রয়োজন সেখানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA