
হাওড়া, ১২ জুলাই (হি. স.):-ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্য মুখোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগকারী যুবতীও একই সংস্থায় কর্মরত। অভিযোগ, গত ১২ এপ্রিল ওই যুবতী চ্যাটার্জিহাট এলাকার অর্ঘ্যর বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর গত ১২ জুন তিনি চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় ধর্ষণ-সহ একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে হাওড়া আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।আসামিপক্ষের আইনজীবী শঙ্খজিত লাল মিত্র আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের আইনগত মোকাবিলা করা হবে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার পর আদালতে বিস্তারিত চার্জশিট পেশ করা হবে। অভিযোগের সত্যতা আদালতের বিচারাধীন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়