
মালদা, ১৩ জুলাই (হি.স.): বর্ষার মরশুম শুরু হতেই মালদায় আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহানন্দা নদী। গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। মহানন্দার এই জলস্তর বৃদ্ধির জেরে নতুন করে নদীভাঙনের আতঙ্ক গ্রাস করেছে মালদার চাঁচল-২ ব্লকের মালতীপুর বিধানসভার অন্তর্গত খানপুর গ্রামের বাসিন্দাদের।
গ্রামের পরিস্থিতি বর্তমানে এতটাই উদ্বেগজনক যে, নদীর জল এখন প্রায় চলে এসেছে একেবারে ঘরের দোরগোড়ায়। নদী থেকে বসতবাড়ির দূরত্ব এখন টেনেটুনে মাত্র ২৫ থেকে ৩০ মিটার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একাধিক বাড়ির উঠোন, বারান্দা এবং গলিতে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ির উঠোনের একাংশে ধস নেমেছে। ফলে যে কোনও মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কায় দিন গুনছেন গ্রামের অন্তত ১০টি পরিবার। আতঙ্কের জেরে বিনিদ্র রজনী কাটছে শিশু থেকে বৃদ্ধ, সকলেরই। স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, বিষয়টি ইতিমধ্যেই সেচ দফতরের নজরে আনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ