এনএফ রেলের সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনে এলএইচবি কোচ, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে নতুন মাইলফলক
গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : যাত্রী পরিষেবার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। সংস্থার অধীনে চলাচলকারী সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : যাত্রী পরিষেবার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। সংস্থার অধীনে চলাচলকারী সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচ সংযোজনের কাজ সম্পূর্ণ হয়েছে।

এই রূপান্তরের ফলে বর্তমানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ৫৫টি এবং অন্যান্য রেলওয়ে জোনের ৪৮টি মিলিয়ে মোট ১০৩টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন এলএইচবি কোচে চলাচল করছে। এর মাধ্যমে দীর্ঘ দূরত্বের ট্রেন পরিষেবার ক্ষেত্রে এনএফ রেল সম্পূর্ণভাবে এলএইচবি মানদণ্ডে উন্নীত হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় রেলের চলমান আধুনিকীকরণ কর্মসূচিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, পর্যায়ক্রমে এই রূপান্তরের কাজ সম্পন্ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ছয় জোড়া দূরপাল্লার ট্রেনকে আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে উন্নীত করা হয়েছে। পাশাপাশি এলএইচবি রেক সহ আরও পাঁচ জোড়া নতুন দূরপাল্লার ট্রেন চালু করা হয়েছে। এছাড়া রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি স্পেশাল এক্সপ্রেসের মতো ট্রেনগুলিকেও এলএইচবি কোচে রূপান্তর করা হয়েছে। এর ফলে এনএফ রেলের অধীনে চলাচলকারী সমস্ত দূরপাল্লার ট্রেন এখন এলএইচবি কোচে পরিচালিত হচ্ছে।

প্রেস বার্তায় বলা হয়েছে, উন্নত জার্মান প্রযুক্তিতে নির্মিত এলএইচবি কোচ যাত্রীদের নিরাপত্তা ও আরাম, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। এই কোচে বিদ্যমান অ্যান্টি-ক্লাইম্বিং এবং অ্যান্টি-টেলিস্কোপিক প্রযুক্তি দুর্ঘটনার সময় কোচের একটির ওপর আরেকটি উঠে যাওয়ার ঝুঁকি কমায়, ফলে যাত্রীদের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পায়।

এছাড়া এলএইচবি কোচ অধিক গতিতে চলাচল করতে সক্ষম হওয়ার পাশাপাশি উন্নত স্থিতিশীলতা, কম শব্দ ও কম্পন, উন্নত সাসপেনশন এবং আধুনিক ব্রেকিং ব্যবস্থা নিশ্চিত করে। স্টেইনলেস স্টিলের বডি, উন্নত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং তুলনামূলক কম রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এই কোচগুলিকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে। ফলে দীর্ঘ যাত্রাপথে যাত্রীরা আরও আরামদায়ক, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।

এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই রূপান্তর আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং বিশ্বমানের যাত্রী পরিষেবা প্রদানের প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন। সমস্ত দূরপাল্লার ট্রেনে এলএইচবি কোচ চালুর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীদের ভ্রমণের মান আরও উন্নত হবে। একই সঙ্গে আরও নিরাপদ, পরিবেশ-বান্ধব এবং দক্ষ রেল পরিচালনায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যাত্রীবান্ধব ও আধুনিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় রেলের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ভবিষ্যতেও তাদের পরিকাঠামো ও রোলিং স্টকের ধারাবাহিক উন্নয়নের কাজ চালিয়ে যাবে, জানান কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande