
বীরভূম, ১৩ জুলাই (হি.স.): গ্রেফতার হলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। রবিবার গভীর রাতে একটি পুরনো মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। নুরুল ইসলাম এলাকায় দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। কিছুদিন আগেই সিউড়ি আদালত থেকে সেইসব মামলায় জামিন পেয়েছিলেন তিনি। ফের একটি পুরনো মামলায় রবিবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার নুরুল ইসলামকে সিউড়ি আদালতে তোলা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ