
ধুবুড়ি (অসম), ১৩ জুলাই (হি.স.) : ব্রিটিশ আমলের ঐতিহাসিক এএমকো (আসাম ম্যাচ কোম্পানি) রোডের নাম পরিবর্তন করে নতুন করে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড নামকরণের বিরোধিতা করেছে ধুবড়ি এএমকো রোড ঐতিহ্য সংরক্ষণ কমিটি।
কমিটির দাবি, অসমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনও প্রত্যক্ষ অবদান নেই। তাই ঐতিহাসিক এএমকো রোডের পুরনো নামই বহাল রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজন হলে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানাবে। তবে কোনও পরিস্থিতিতেই রাস্তার নতুন নাম মেনে নেবে না কমিটি এবং স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে অসম সরকারের মন্ত্রী অশোক সিংঘল ধুবড়ি সফরে এসে ঐতিহাসিক এএমকো রোডের নতুন নাম ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হিসেবে ঘোষণা করেন। ১৯২৫ সালে ব্রিটিশ আমলে ঐতিহাসিক আসাম ম্যাচ কোম্পানি (এএমকো)-র নামে এই রাস্তার নামকরণ করা হয়েছিল। সেই ঐতিহাসিক নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়ার সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দা এবং ধুবড়ি এএমকো রোড ঐতিহ্য সংরক্ষণ কমিটি মেনে নিতে নারাজ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস