
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): পূর্বাভাস ছিলই, সেই মতো সোমবার বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সর্বত্রই। এই বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মিলেছে স্বস্তি। এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়।
হালকা বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও তুমুল বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আবহাওয়ার বিশেষ তারতম্য হওয়ার সম্ভাবনা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ