
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য রথযাত্রা কমিটি এবং তারকেশ্বর ধামকে রাজ্য সরকারের আর্থিক অনুদানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটির প্রত্যেককে ৫ লক্ষ টাকা এবং তারকেশ্বর ধামকে ১৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তাঁর দাবি, এই খাতে মোট ৩০ কোটি টাকা ব্যয়ের পরিবর্তে সংশ্লিষ্ট অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে তথা পরিকাঠামোর উন্নয়নে কাজে সদব্যবহার করা সম্ভব। স্কুল, কলেজ, হাসপাতাল বা জনকল্যাণমূলক পরিষেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতে পারতেন বলেও মন্তব্য করেছেন তিনি।সেইসঙ্গে তিনি আরও জানান যে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকার কোনও নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের জন্য জনগণের করের অর্থ এভাবে ব্যয় করতে পারে না।তাঁর অভিযোগ, অতীতে দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার যে নীতি নেওয়া হয়েছিল, বর্তমান সিদ্ধান্তও সেই একই ধারার সম্প্রসারণ। এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর তরফে এই ধরনের সরকারি অনুদানকে নীতিগতভাবে অগ্রহণযোগ্য বলে দাবি করা হয়েছে। এদিনের বিবৃতিতে অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত