
পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই (হি. স.):-মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভে সামিল হন অভিভাবকদের একাংশ। নিরপেক্ষ তদন্ত এবং স্কুলের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা স্কুলের গেটের সামনে অবস্থান-বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল আমরা বিচার চাই লেখা পোস্টার।অভিভাবকদের অভিযোগ, অধ্যক্ষ পদে বহাল থাকলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ব্যাহত হতে পারে। তাই তদন্তের স্বার্থে তাঁর পদত্যাগ জরুরি। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পড়ুয়া ও স্কুলকর্মীদের স্কুলে প্রবেশে সমস্যা হয় এবং পঠনপাঠনও আংশিকভাবে ব্যাহত হয়।উল্লেখ্য, গত শুক্রবার স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, তদন্ত চলছে এবং স্কুল কর্তৃপক্ষকে শিশুদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা, প্রয়োজনে বয়স্ক মহিলা সহায়িকা নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড যাচাই এবং শিশুদের শৌচাগারের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়