
তারকেশ্বর, ১৩ জুলাই (হি.স.): আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে ভক্ত ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে তারকেশ্বর থেকে নতুন সরকারি বাস পরিষেবা ‘মহাদেব এক্সপ্রেস’-এর শুভ সূচনা হলো সোমবার। তারকেশ্বর বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
শ্রাবণী মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীর তারকেশ্বরে আগমন ঘটে। সেই কথা মাথায় রেখেই এই বিশেষ সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানানো হয়। নতুন এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সন্তু পান বলেন, শ্রাবণী মেলার সময় ভক্তদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই ‘মহাদেব এক্সপ্রেস’ চালু করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুবিধার্থে আরও উন্নত পরিবহণ পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
শ্রাবণী মেলার আগে এই নতুন সরকারি বাস পরিষেবার সূচনায় ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের আশা, ‘মহাদেব এক্সপ্রেস’ পরিষেবা মেলার সময় যাত্রীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA