ধূপগুড়ি সুপার মার্কেটে বুলডোজার অভিযান, সরকারি জমির অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ
জলপাইগুড়ি, ১৩ জুলাই (হি. স.):-সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানঘর উচ্ছেদে সোমবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার অভিযান চালায় প্রশাসন। ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হ
উচ্ছেদ


জলপাইগুড়ি, ১৩ জুলাই (হি. স.):-সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানঘর উচ্ছেদে সোমবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার অভিযান চালায় প্রশাসন। ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সুপার মার্কেট চত্বরে সরকারি জমি দখল করে অস্থায়ী শেড নির্মাণ করে ব্যবসা চলছিল। প্রায় ১৫ দিন আগে ব্যবসায়ীদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। পরে সাত দিন আগেও পুনরায় সতর্ক করা হয়। এরপরও বহু ব্যবসায়ী দোকান সরিয়ে না নেওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন গ্রামাঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই অস্থায়ী শেডগুলিতে কাঁচামাল কেনাবেচা করতেন। অভিযানে সাড়ে তিনশোরও বেশি অবৈধ দোকানঘর ভেঙে ফেলা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।ব্যবসায়ী নূর হোসেন জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে সেখানে ব্যবসা করে আসছেন। উচ্ছেদের ফলে তাঁর জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে এবং পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করা এবং সুপার মার্কেট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande