
উত্তর ২৪ পরগনা, ১৩ জুলাই (হি. স.):-রেশন বণ্টনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার গুমার বড় বামুনিয়া বিশ্বাসপাড়ায় কড়া পদক্ষেপ নিল খাদ্য ও সমবায় দফতর। সোমবার খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া অভিযোগের ভিত্তিতে ডিলার শ্যামল সাহার রেশন দোকানে আচমকা পরিদর্শনে যান। পরিদর্শনের পর সংশ্লিষ্ট রেশন দোকানটি সিল করে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন বণ্টনে নানা ধরনের অনিয়ম চলছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের এই অভিযান। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পুলিশ ডিলার শ্যামল সাহাকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট খাদ্যগুদামে মজুত চালের গুণমানও খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি গোডাউন থেকে রেশন দোকানে খাদ্যশস্য সরবরাহের পুরো প্রক্রিয়াও তদন্তের আওতায় আনা হয়েছে।খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন ও অভিযান চালানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়