
বাঁকুড়া, ১৩ জুলাই (হি.স.): সোমবার বাঁকুড়া জেলার ৬টি রথযাত্রা কমিটির হাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রতীকীভাবে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মাননীয় জেলাশাসক ও মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ। নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমন্বয় বৈঠকের সূচনা করেন।
জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ উৎসবের খ্যাতি সর্বজনবিদিত। বাঁকুড়া শহরের শ্যামসুন্দর রথ ও ব্যাপারীহাটের রথ দুটি সুউচ্চ এবং পিতলের তৈরি। দুটি রথই শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। বিষ্ণুপুরের মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জের রথ উৎসব ছাড়াও রাজদরবারের রথ উৎসবে বহু জনসমাগম ঘটে। এই রথ পরিচালন কমিটি সহ পাত্রসায়েরের বহু প্রাচীন রথ উৎসব কমিটির হাতে আজ সরকারের আর্থিক সহায়তা স্বরূপ পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে জেলাশাসক ও আরক্ষাধ্যক্ষ কমিটির হাতে এই চেক প্রদান করেন।
এই আর্থিক সহায়তা প্রাপ্তির পর সংশ্লিষ্ট কমিটিগুলির পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট