
হুগলি, ১৩ জুলাই (হি.স.): সোমবার চুঁচুড়ায় জেলা শাসকের দফতরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে হুগলি জেলার ঐতিহ্যবাহী তিনটি রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে জেলার প্রসিদ্ধ তিনটি রথযাত্রা কমিটি—মাহেশ রথযাত্রা কমিটি, চন্দননগরের যদু ঘোষের রথ কমিটি এবং গুপ্তিপাড়া রথযাত্রা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির প্রতিনিধিরা।
বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, হুগলি জেলার এই তিনটি রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তার ফলে রথযাত্রার আয়োজন আরও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে এবং জেলার ঐতিহ্য সংরক্ষণে তা বিশেষ ভূমিকা পালন করবে।
অনুদানপ্রাপ্ত কমিটির সদস্যরাও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এই সহায়তা রথযাত্রার বিভিন্ন প্রস্তুতি, পরিকাঠামো উন্নয়ন এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবা আরও উন্নত করতে সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA