
আরামবাগ , ১৩জুলাই (হি.স) : সোমবার আসন্ন রথযাত্রা উপলক্ষে আরামবাগ থানায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সন্দ্বীপ নন্দী, আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার এবং আরামবাগ থানা এলাকার বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিরা।
বৈঠকে রথযাত্রাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল রথযাত্রা কমিটিকে সরকারি নির্দেশিকা মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব আয়োজনের আহ্বান জানানো হয়।
এসডিপিও সন্দ্বীপ নন্দী জানান, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং প্রতিটি রথযাত্রার উপর বিশেষ নজরদারি চালানো হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরামবাগ থানার আইসি সুমিত তালুকদারও উপস্থিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠকের শেষে রথযাত্রা কমিটির প্রতিনিধিরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকলের সম্মিলিত উদ্যোগে আরামবাগে এবারের রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA