
বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স.) : শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে গেল যাত্রী বোঝাই একটি ছোট ট্রাক । এই ঘটনায় কমপক্ষে ২৩ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রানিগঞ্জ সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি বাঁকুড়ার রাধাকৃষ্ণপুর থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিল। রানিগঞ্জের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে পৌঁছাতেই মিনি ট্রাকটির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের ওপরেই উল্টে যায়। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করেন।
এরপর খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে প্রথমে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় সকলকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কের রানিগঞ্জ এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি