
ঝাড়গ্রাম, ১৩ জুলাই (হি.স.): সাঁওতালি নৃত্য ও সঙ্গীত বিভাগে দু’বছরের স্নাতকোত্তর (পিজি) পাঠ্যক্রম চালুর দাবিতে সোমবার ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সামনে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। তাঁদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেয় ছাত্র সংগঠন 'ভারত জাকাত সান্তাড় পৌঠুয়ৌ গাঁওতা' এবং সামাজিক সংগঠন 'মাঝি পারগানা মহল'। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নৃত্য ও সঙ্গীত বিভাগে পূর্ণাঙ্গ দু’বছরের স্নাতকোত্তর কোর্স চালুর দাবি জানানো হলেও কর্তৃপক্ষের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি। বর্তমানে এই বিভাগে কেবল এক বছরের ডিপ্লোমা ও এক বছরের পিজি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে, যেখানে প্রায় ১২০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন।
পড়ুয়াদের দাবি, বিষয়টির সার্বিক উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির স্বার্থে অবিলম্বে এই বিভাগে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করা প্রয়োজন। আন্দোলনকারী ছাত্র সিরজন হাঁসদা জানান, ২০২৪ সাল থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা আজ আন্দোলনের পথে নেমেছেন।
এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে পড়ুয়াদের হুঁশিয়ারি, দ্রুত স্নাতকোত্তর কোর্স চালুর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা না হলে আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো