
কলকাতা, ১৩ জুলাই (হি. স.) : অধ্যক্ষ রথীন্দ্র বোস সোমবার দিনহাটার বিদ্যাভারতী বিদ্যালয়, মদনমোহন পাড়ায় আয়োজিত “সারদা শিশুতীর্থ গণিত-বিজ্ঞান মেলা ২০২৬” এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এরপর ফেসবুক পেজে তিনি এদিন লিখেছেন - সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করলাম।
সেইসঙ্গে তাঁর অতিরিক্ত সংযোজন - শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি, আর বিজ্ঞান ও গণিত সেই অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। ছোট ছোট শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিজ্ঞানমনস্ক মানসিকতার যে অনন্য প্রকাশ আজকের এই মেলায় প্রত্যক্ষ করলাম, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
তিনি এই প্রসঙ্গে আরও বলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নির্মিত বিভিন্ন বিজ্ঞান মডেল, গণিতভিত্তিক উপস্থাপনা এবং অভিনব প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মের অসীম সম্ভাবনারই পরিচয় বহন করে। তাদের এই নিষ্ঠা, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি আগামী দিনে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই বিশ্বাস আমার দৃঢ়।
এই সুন্দর ও সার্থক আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, আয়োজক কমিটি এবং সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত