
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর তদন্তের পরিধি এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের পরিবার পর্যন্ত পৌঁছে গেল।
ইডি সূত্রে জানা গেছে, কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই ছেলেকে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কিছু নির্দিষ্ট আর্থিক লেনদেনে মদন মিত্রের স্ত্রী ও পুত্রদের নাম সামনে আসার কারণেই এই সমন জারি করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গত জুন মাসে ইডি মদন মিত্রের বাড়িসহ কলকাতা ও তার আশেপাশের সাতটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর ভবানীপুর ও কালীঘাটের বাসভবনেও পৌঁছেছিলেন। মদন মিত্রের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলঘড়িয়া এলাকাতেও তল্লাশি চালানো হয়েছিল।
কেবল ইডি-ই নয়, গত বছর অক্টোবরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল। সেই সময় তাঁর বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এবার এই একই মামলায় ইডি তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে তলব করল।
পুরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে। তদন্তকারী সংস্থা সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করেছে। মামলার তদন্তে জানা গেছে, দক্ষিণ দমদম পুরসভায় চাকরিপ্রার্থীদের নাম বেআইনিভাবে সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে।
ইডি সূত্রে খবর, এই তালিকায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। তদন্তকারী সংস্থার অনুমান, দুর্নীতি থেকে উপার্জিত অর্থ অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। ইডি-র দাবি অনুযায়ী, পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই আর্থিক কেলেঙ্কারির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা হতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি