
বিলাসীপাড়া (অসম), ১৪ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া সম-জেলাধীন ঢেমঢেমা এলাকায় এক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে তারা একটি পুকুরের জলে পড়ে যাওয়ায় সংঘটিত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনাটি। মৃত দুই শিশুর পরিচয় নাহিদ শেখ (৭) এবং মণিরুল হক (৬) বলে জানা গেছে। নাহিদ শেখ আসরুদ্দিন শেখের পুত্র এবং মণিরুল হক রফিকুল ইসলামের পুত্র। উভয়েরই বাড়ি ঢেমঢেমা দ্বিতীয় খণ্ড গ্রামে।
স্থানীয় বাসিন্দারা তালাশি চালিয়ে গতকাল সোমবার রাতে দুই শিশুকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে সাপটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস