ঝুমি নদীর প্রবল স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো, ভোগান্তিতে দুই জেলার হাজার হাজার মানুষ
ঘাটাল, ১৪ জুলাই (হি. স.):-টানা কয়েক দিনের ভারী বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঝুমি নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ভেসে গেল মনসুকার স্কুলঘাট সংলগ্ন বাঁশের সাঁকো। মঙ্গলবার সকালে সাঁকোটি ভেঙে পড়তেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক এব
বাঁশের সাঁকো ভেঙে গেছে


ঘাটাল, ১৪ জুলাই (হি. স.):-টানা কয়েক দিনের ভারী বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঝুমি নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ভেসে গেল মনসুকার স্কুলঘাট সংলগ্ন বাঁশের সাঁকো। মঙ্গলবার সকালে সাঁকোটি ভেঙে পড়তেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক এবং পার্শ্ববর্তী হুগলি জেলার একাংশের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর প্রবল স্রোতের সঙ্গে বিপুল পরিমাণ কচুরিপানা ভেসে এসে সাঁকোটির খুঁটির সঙ্গে আটকে যায়। টন টন কচুরিপানার অতিরিক্ত চাপ এবং নদীর তীব্র স্রোতের ধাক্কা একসঙ্গে সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বিকট শব্দে সাঁকোটি ভেঙে নদীর জলে ভেসে যায়।এই সাঁকোটি দীর্ঘদিন ধরে দুই জেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল। প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করে নদী পারাপার করতেন। সাঁকো ভেঙে যাওয়ায় তাঁদের এখন বিকল্প দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande