
মালদা, ১৪ জুলাই (হি. স.):-মালদার হবিবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে গরু পাচারের একটি বড় চক্রের হদিস মিলেছে। মঙ্গলবার ভোররাতে বুলবুলচণ্ডী ঘোড়া স্ট্যান্ড ও মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে গরুবোঝাই দুটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। দুটি গাড়ি থেকে মোট ২২টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পিকআপ ভ্যান থেকে ১০টি গরু উদ্ধার করে চালক ও এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়। এরপর দ্বিতীয় পিকআপ ভ্যানটি পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মনোহরপুর এলাকা থেকে সেটিকেও আটক করা হয়। ওই গাড়ি থেকে আরও ১২টি গরু উদ্ধার হয়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়।ধৃতদের পরিচয় ফিটু শেখ, জামিরুল শেখ এবং ওসমান আলী। মঙ্গলবার তাঁদের মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের মধ্যে একজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।ঘটনাস্থলে উপস্থিত বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিজেপি নেতা প্রফুল্ল মাহাতো দাবি করেন, গরুগুলিকে অত্যন্ত অমানবিকভাবে গাদাগাদি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি এই অভিযানের জন্য হবিবপুর থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেন।উদ্ধার হওয়া গরুগুলির গন্তব্য কোথায় ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়