
হাইলাকান্দি (অসম), ১৪ জুলাই (হি.স.) : কৃষকদের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও লাভজনক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যে হাইলাকান্দি জেলা কৃষি দফতরের উদ্যোগে সিএসএস-আত্মা-র অধীনে আন্তঃজেলা কৃষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, জেলার পাঁচটি উন্নয়ন খণ্ডে গত ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রতিটি উন্নয়নখণ্ডে দুটি করে পৃথক ভেন্যুতে মোট ১০টি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। ওই শিবিরগুলিতে বিপুল সংখ্যক কৃষক (পুরুষ ও মহিলা) অংশগ্রহণ করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে উন্নত কৃষি পদ্ধতি, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, সমন্বিত পোকা ও রোগদমন, সুষম সার ব্যবস্থাপনা, জল সংরক্ষণ, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের জন্য বিভিন্ন সরকারি কৃষি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও প্রদান করা হয়েছে।
জেলার পাঁচটি উন্নয়নখণ্ডে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিগুলি সংশ্লিষ্ট ব্লকের এটিএমএ কর্মী, কৃষি সম্প্রসারণ আধিকারিক, কৃষি পরিদর্শক এবং জেলা কৃষি দফতরের অন্যান্য আধিকারিকদের তত্ত্বাবধানে সফলভাবে পরিচালিত হয়। প্রশিক্ষণ চলাকালীন কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি গ্রহণ, সরকারি কৃষি প্রকল্পগুলির সর্বোচ্চ সুবিধা গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর কৃষিচর্চা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএসএস-এটিএমএ-র মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি নিশ্চিত করা। ভবিষ্যতেও জেলার কৃষকদের স্বার্থে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিক ভাবে আয়োজন করা হবে, জেলা কৃষি দফতরের উদ্ধৃতি দিয়ে প্ৰেস বাৰ্তায় জানিয়েছে জনসংযোগ দফতর।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস