
সাম্বা, ১৪ জুলাই(হি. স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার একটি কৃষিজমি থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে। মঙ্গলবার দেবক এলাকার কাছে চক সালারিয়ার এক বাসিন্দা জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখে নিকটবর্তী সেনা ইউনিটকে খবর দেন। পরে সেনা সেটি উদ্ধার করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি কোথা থেকে এসেছে, এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কী এবং সীমান্তপারের কোনও কার্যকলাপে এটি ব্যবহৃত হয়েছিল কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে নন্দপুর গ্রামের কাছে অর্নিয়ার দিক থেকে একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখতে পান সেনা জওয়ানরা। সেটিকে ড্রোন বলে সন্দেহ হওয়ায় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে অ্যান্টি-ড্রোন প্রোটোকল সক্রিয় করে জ্যামিং অভিযান চালায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া ড্রোনটি সেই একই বস্তু, যা জ্যামিংয়ের পর নিচে পড়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য