
সন্দেশখালি, ১৪ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে একটি ইটভাটার সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ন্যাজাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালিয়ে এই উদ্ধার অভিযান চালায়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর সন্দেশখালির সরবেড়িয়া এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। অভিযোগ, ওই ইটভাটাটি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত মিজানুর মোল্লার সঙ্গে যুক্ত। তল্লাশির সময় ইটভাটায় ঢোকার রাস্তার ধারে শরিফুল মোল্লার বাড়ির পাশের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র ও কয়েকটি বোমা উদ্ধার হয়।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডের সহায়তা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কী উদ্দেশ্যে ওই অস্ত্র ও বোমা সেখানে মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়