
ঝাড়গ্রাম, ১৪ জুলাই (হি.স.) : পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝাড়গ্রামে শুরু হল অরণ্য সপ্তাহের কর্মসূচি। মঙ্গলবার জেলা প্রশাসন ও বন দফতরের যৌথ উদ্যোগে জেলা শাসকের দফতর চত্বরে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ট্যাবলোরও সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, ঝাড়গ্রাম বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক উমর ইমাম, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) গোবিন্দ দত্ত, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের পড়ুয়া-সহ জেলা প্রশাসন ও বন দফতরের আধিকারিকরা।
অতিথিরা যৌথভাবে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেন। পরে জেলা শাসক ও বিভাগীয় বনাধিকারিক সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক ট্যাবলোর যাত্রা শুরু করেন। আগামী কয়েক দিন ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৪ থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, সচেতনতামূলক প্রচার, শোভাযাত্রা এবং একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বন দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিগুলিতে ছাত্রছাত্রী, সরকারি কর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি শুধু গাছ লাগানো নয়, তার পরিচর্যা, বনভূমি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রশাসনের আশা, অরণ্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো