জঙ্গলমহলে হাতি-মানব সংঘাতের স্থায়ী সমাধানের দাবিতে সাংসদের হাতে স্মারকলিপি
ঝাড়গ্রাম, ১৪ জুলাই (হি.স.) : জঙ্গলমহলে ক্রমবর্ধমান হাতি-মানব সংঘাতের স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনের হাতে স্মারকলিপি তুলে দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা (জেএসএম)। সংগঠনের পক্ষ থেকে আসন্ন লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বিষ
জঙ্গলমহলে হাতি-মানব সংঘাতের স্থায়ী সমাধানের দাবিতে সাংসদের হাতে স্মারকলিপি


ঝাড়গ্রাম, ১৪ জুলাই (হি.স.) : জঙ্গলমহলে ক্রমবর্ধমান হাতি-মানব সংঘাতের স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনের হাতে স্মারকলিপি তুলে দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা (জেএসএম)। সংগঠনের পক্ষ থেকে আসন্ন লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো, সংঘাতপ্রবণ এলাকাগুলি পরিদর্শনে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল পাঠানো এবং হাতি-মানব সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের বক্তব্য, মানুষের নিরাপত্তার পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণেও সমান গুরুত্ব দিতে হবে।

স্মারকলিপি গ্রহণের পর সাংসদ কালীপদ সরেন বলেন, ঝাড়গ্রাম-সহ তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। বিষয়টি তিনি লোকসভার বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি বন দফতরের কাছ থেকে হাতির হামলায় মৃত্যু, আহত, ফসল ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর কথাও জানান।

সাংসদের দাবি, ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তে হাতির স্বাভাবিক চলাচলের পথে বাধা তৈরি হওয়ায় তার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায়। তাই এই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি।

জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন, হাতি-মানব সংঘাত কোনও রাজনৈতিক বিষয় নয়; এটি জঙ্গলমহলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande